পাঁচ খুনের ঘটনায় আসামি ফোরকানের মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১০:০১ পিএম
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালককে হত্যার নৃশংস ঘটনার পর থেকে পলাতক থাকা ফোরকান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে পদ্মা সেতুর ওপর থেকে তার ব্যাগ ও কিছু পোশাক উদ্ধার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এতে ধারণা করা হচ্ছিল, হত্যাকাণ্ডের পর তিনি সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই ফোরকান পলাতক ছিলেন এবং তাকে গ্রেফতারে একাধিক দল অভিযান চালাচ্ছিল। পরে সেতুর ওপর তার ব্যবহৃত জিনিসপত্র পাওয়া গেলে অনুসন্ধান আরও জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় নদী থেকে তার মরদেহ উদ্ধার হয়।
গত ৮ মে দিবাগত রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামের একটি ভাড়া বাসায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছিলেন ফোরকানের স্ত্রী শারমিন, তিন কন্যা এবং শ্যালক রসুল মিয়া।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার পরদিন সকালে ফোরকান তার এক আত্মীয়কে ফোন করে হত্যার কথা স্বীকার করেন এবং এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
ঘটনাস্থল থেকে রক্তাক্ত মরদেহ, রান্না করা খাবার এবং কিছু পানীয়ের বোতলসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। এছাড়া কিছু কাগজপত্রও পাওয়া যায়, যেখানে পারিবারিক বিরোধ ও আর্থিক ও ব্যক্তিগত দ্বন্দ্বের ইঙ্গিত ছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, পুরো বিষয়টি এখনো তদন্তাধীন এবং চূড়ান্ত প্রতিবেদন পেতে সময় লাগবে।
এনএফ৭১/ওতু
বিষয়:
