৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে শিশু রেশমি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৮:৫৪ পিএম
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত শিশু রেশমি আক্তার অবশেষে মৃত্যুর কাছে হার মানলো। টানা ৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন। তিনি জানান, প্রায় এক সপ্তাহ ধরে আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিল রেশমি।
জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলি এলাকায় মায়ের জন্য পান আনতে ঘর থেকে বের হয় রেশমি আক্তার। এ সময় এলাকায় সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা চলছিল। একপর্যায়ে সন্ত্রাসীদের ছোড়া একটি গুলি এসে লাগে রেশমির চোখে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে।
পরে গোলাগুলি থেমে গেলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তখন রেশমির মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
দীর্ঘ ৭ দিনের লড়াই শেষে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানে নিষ্পাপ শিশু রেশমি।
বিষয়:
