হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৫:০২ পিএম

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার দিবাগত গভীর রাতে সীমান্তের বনচৌকি সীমান্ত ফাঁড়ি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খাদেমুল ওই উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের ৯০৫/৬-এস নম্বর পিলার থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি কথিত চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের ৭৮ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় তিনি কোনোভাবে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top