স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে নিখোঁজ, সেই ৪ স্কুলছাত্রী মিলল গাজীপুরে

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৪:১৭ পিএম

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র‍্যাব ও পুলিশ।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো- সানজিদা আক্তার (১২), ইসমত জেরিন (১২), সানজিদা আক্তার রায়সা (১৩) ও আয়শা আক্তার (১৫)।

তাদের মধ্যে সানজিদা আক্তার ও ইসমত জেরিন নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সানজিদা আক্তার রায়সা একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে। অন্যদিকে আয়শা আক্তার অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোরীরা জানিয়েছে, পোশাক কারখানায় চাকরি করার উদ্দেশ্যে তারা বাড়ি থেকে বের হয়েছিল। পারিবারিক অভিমান ও আবেগের কারণে তারা এমন সিদ্ধান্ত নেয়। পরে সঙ্গে প্রায় ৮০ হাজার টাকা নিয়ে গাজীপুরে চলে যায়। সেখানে মৌচাক এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে অবস্থান করছিল তারা।

একপর্যায়ে তারা একটি কম্পিউটারের দোকানে গিয়ে জীবনবৃত্তান্ত তৈরির সহযোগিতা চায়। দোকানি তাদের ফোন নম্বর সংরক্ষণ করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধার করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, উদ্ধার হওয়া চার শিক্ষার্থী বর্তমানে মৌচাক পুলিশ ফাঁড়িতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত রোববার সকালে উপজেলার নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়নের নিজ নিজ বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় চার স্কুলছাত্রী। পরে পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় সাধারণ ডায়েরি করা হয়।

এনএফ৭১/একে



বিষয়:



Top