ফেনীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের করুণ মৃত্যু

ফেনী প্রতিনিধি: | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০১:৫৬ এএম

ছবি: সংগৃহীত
 

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে ফেনী সদর উপজেলার লেমুয়া হাফেজিয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সোনাগাজী উপজেলার বক্তার মুন্সি বাজার সংলগ্ন রাজাপুর গ্রামের নুরুল আলম (৪৬) ও তার ছেলে মোহাম্মদ নিরব (২৫)। নুরুল আলম ফেনী ডায়াবেটিক হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক হিসেবে কর্মরত ছিলেন। আহত হয়েছেন ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের আফজাল হোসেন (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, সোমবার দিবাগত রাতে হাসপাতালের দায়িত্ব পালন শেষে সকালে ভাগিনা আফজালের মোটরসাইকেলে ছেলে নিরবকে নিয়ে বোনের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন নুরুল আলম। পথে লেমুয়া হাফেজিয়া এলাকায় পৌঁছে মোটরসাইকেলটি ইউটার্ন নেওয়ার সময় চট্টগ্রামগামী ‘দাউদকান্দি এক্সপ্রেস’ নামের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই বাসের নিচে পিষ্ট হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল আলমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নিরব ও আফজালকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে চট্টগ্রামে নেওয়ার পথেই নিরবের মৃত্যু হয় বলে জানা গেছে।

ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। পরে পথিমধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ফেনী ডায়াবেটিক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সোহেল রানা বলেন, রাতে ডিউটি শেষে বোনের বাড়িতে যাওয়ার পথেই সহকর্মী নুরুল আলম ও তার ছেলে দুর্ঘটনার শিকার হন। তাদের অকাল মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



বিষয়:



Top