বনদস্যুদের সঙ্গে বনবিভাগের গোলাগুলি, হাত-পা বাঁধা ৪ জেলে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০১:২৪ এএম

ছবি: সংগৃহীত
 

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনবিভাগের কর্মীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় হাত-পা বাঁধা অবস্থায় ৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বনদস্যুদের ব্যবহৃত একটি বন্দুক ও এক রাউন্ড গুলিও।

বুধবার (১৩ মে) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শেলারচর টহল ফাঁড়ির সিঙারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন— খুলনার বটিয়াঘাটা উপজেলার নাছিম, দাকোপ উপজেলার ইরাক শেখ এবং বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল বারেক খান ও মো. হাসান।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, শেলারচর টহল ফাঁড়ির সিঙারটেক এলাকায় যৌথ টহলের সময় বনদস্যুদের উপস্থিতি টের পেয়ে অভিযান চালানো হয়। এ সময় দস্যুরা বনকর্মীদের লক্ষ্য করে গুলি ছুড়লে বনরক্ষীরাও পাল্টা গুলি চালান। বনকর্মীরা দস্যুদের লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি ছোড়েন।

তিনি আরও জানান, একপর্যায়ে দস্যুরা তাদের ব্যবহৃত ট্রলার ও জিম্মি করে রাখা ৪ জেলেকে ফেলে পালিয়ে যায়। পরে বনকর্মীরা জেলেদের উদ্ধার করে শেলারচর টহল ফাঁড়িতে নিয়ে আসেন।

ডিএফও জানান, উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বনরক্ষীদের ওপর গুলি চালানো দস্যুরা শরীফ বাহিনীর সদস্য।



বিষয়:



Top