দাম বাড়লো কোরবানির পশুর চামড়ার, নতুন দর ঘোষণা সরকারের

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১২:০৯ এএম

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। বুধবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত কোরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারিত নতুন দর অনুযায়ী, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা এবং ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর ঢাকায় এ দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা। এছাড়া সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী জানান, কোরবানির চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠ পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় লবণ সরবরাহ করা হবে। পাশাপাশি চামড়া সংরক্ষণে মাংস ব্যবসায়ী ও মাদ্রাসা সংশ্লিষ্টদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে সরকারের প্রায় ২০ কোটি টাকা ব্যয় হবে বলেও জানান তিনি।

দেশীয় চামড়া শিল্প রক্ষা ও চামড়া পাচার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। একই সঙ্গে মাঠ পর্যায়ে চামড়া সংগ্রহ ও সংরক্ষণে কোনো ধরনের অব্যবস্থাপনা না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।



বিষয়:



Top