ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমির আনোয়ার হোসেন আর নেই

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১২:০৪ এএম

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন। বুধবার (১৩ মে) সকাল ৭টার দিকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

বুধবার বিকেলে সোনাহাট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানা যায়, আনোয়ার হোসেন ১৯৬২ সালে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। এসএসসি পাসের পর তিনি তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এ যোগ দেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর ২০০৬ সালে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। পরবর্তীতে তিনি উপজেলা আমিরের দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম ও জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা বলেন, আনোয়ার হোসেন ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ও দক্ষ সংগঠক। তিনি সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।



বিষয়:



Top