নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ ১২

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৯:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের একটি ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শংকর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আলআমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।

সহকর্মীদের বরাতে জানা গেছে, মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা দুপুরে ক্যান্টিনে বুফেতে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা অন্তত ১২ জনের হাত, মুখ ও পা দগ্ধ হয়। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, আহতদের মধ্যে আমির, শংকর, কাউসার ও আলআমিন ক্যান্টিনকর্মী। বাকিরা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা। রান্না শেষে অসাবধানতাবশত গ্যাসের চুলা চালু ছিল। পরে কেউ আগুন জ্বালাতেই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক শাওন বিন রহমান জানান, দুপুরে ১২ জন দগ্ধ রোগী হাসপাতালে এসেছেন। তাদের শরীরের কত শতাংশ পুড়েছে তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

এনএফ৭১/একে



বিষয়:



Top