কারাফটকে মৃত সন্তানের সঙ্গে বাবার শেষ সাক্ষাৎ
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৭:৩৭ পিএম
একটি হত্যা মামলায় কারাবন্দি ছিলেন ফারুক হোসেন নামে এক যুবক। সেই কারাবন্দি বাবার সঙ্গে ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। জেলা কারাগারের ফটকে তার সাক্ষাৎ হয় নবজাতক সন্তানের সঙ্গে। তবে সন্তানের কান্না কিংবা হাসি কিছুই দেখতে পাননি তিনি। কারণ, শিশুটি তখন মৃত। সেটিই ছিল সন্তানের সঙ্গে তার প্রথম এবং শেষ দেখা।
ঘটনাটি ঘটেছে গত ১৪ মার্চ রাতে লক্ষ্মীপুর জেলা কারাগারে। কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল জানান, সন্তানের দিকে তাকিয়ে ফারুক শুধু বলেছিলেন, “স্যার, কথা বলে না যে?” তখন নিজের কষ্ট লুকিয়ে তাকে সান্ত্বনা দেওয়া হয়।
জানা গেছে, ঘটনার পাঁচদিন আগে ফারুকের স্ত্রী বৃষ্টি আক্তারের কোলজুড়ে আসে নবজাতকটি। কিন্তু জন্মের পর থেকেই অসুস্থ ছিল শিশুটি। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এরপর মৃত সন্তানকে একবার বাবার মুখ দেখানোর আকুতি নিয়ে স্বজনদের সঙ্গে কারাগারের সামনে আসেন শিশুটির মা। যদিও রাতে বন্দিদের সঙ্গে সাক্ষাতের নিয়ম নেই, তবুও মানবিক দিক বিবেচনায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে বিশেষ অনুমতি মেলে।
রাত তখন প্রায় ১২টা। চারপাশ নিস্তব্ধ। জেলা কারাগারের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে মৃত নবজাতককে নিয়ে অপেক্ষা করছিলেন তার মা ও স্বজনরা। পরে কারাফটকে আনা হয় কারাবন্দি ফারুককে। সেখানে মৃত সন্তানকে কোলে তুলে নিয়ে আদর করেন তিনি। সেটিই ছিল বাবা ও সন্তানের প্রথম এবং শেষ মিলন।
জেলার নুর মোহাম্মদ সোহেল বলেন, ঘটনাটি ছিল অত্যন্ত স্পর্শকাতর। মানবিক বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কারাবন্দি বাবাকে সন্তানের মুখ দেখার সুযোগ করে দেওয়া হয়। নিয়মের পাশাপাশি মানবিকতাও দায়িত্বের অংশ।
পরে এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন জেলার সোহেল। সেখানে পুরো ঘটনার বর্ণনা তুলে ধরেন তিনি।
এনএফ৭১/একে
বিষয়:
