জ্বালানির অভাবে নিজের গাড়িবহর অর্ধেক করছেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৭:২৩ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী জ্বালানি সংকট ও অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সরকারি গাড়িবহরের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন। প্রশাসনিক ব্যয় হ্রাস এবং জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

একই সঙ্গে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ সুরক্ষা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রধানমন্ত্রীর চলাচলের গাড়িবহরে ধীরে ধীরে বৈদ্যুতিক যানবাহনের সংখ্যা বাড়ানো হয়। তবে এ ক্ষেত্রে নতুন কোনো গাড়ি কেনা যাবে না বলেও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

নিরাপত্তা সংক্রান্ত নির্ধারিত মানদণ্ড বজায় রেখেই এই পরিবর্তন বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর এই ব্যয় সংকোচন নীতির প্রভাব ইতিমধ্যেই বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে পড়তে শুরু করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবও তাদের সরকারি গাড়িবহর কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বিশ্লেষকদের মতে, এটি জ্বালানি ব্যবহারে দায়িত্বশীলতা ও প্রশাসনিক ব্যয় নিয়ন্ত্রণের একটি বৃহত্তর উদ্যোগের অংশ। সম্প্রতি অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানো এবং জাতীয় সম্পদ সাশ্রয়ের যে আহ্বান জানানো হয়েছিল, এই সিদ্ধান্তকে তারই বাস্তব প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

এর আগে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, সরবরাহ ব্যবস্থার বিঘ্ন এবং মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় সমষ্টিগত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি নাগরিকদের দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করেন এবং বিদেশি নির্ভরতা কমানোর আহ্বান জানান।

এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষায় আগামী এক বছর অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার অনুরোধও জানান তিনি। একই সঙ্গে বিদেশ ভ্রমণ কমিয়ে দেশীয় পর্যটন ও উৎসবকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।

তার মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষা করা একটি জাতীয় দায়িত্বের অংশ। তাই দেশের বাইরে ভ্রমণ বা বিদেশে বড় আয়োজনের পরিবর্তে দেশের ভেতরেই ছুটি ও অনুষ্ঠান উদযাপন করা উচিত বলে তিনি মত দেন।

এনএফ৭১/একে



বিষয়:



Top