মাদক ব্যবসায়ী ধরিয়ে দিলেই মিলবে নগদ পুরস্কার: এমপি হানজালা

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৪:১৫ পিএম

ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলায় মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে পারলে নগদ অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।

ভিডিও বার্তায় সংসদ সদস্য হানজালা বলেন, এখন থেকে শিবচরে কেউ মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে পারলে তাকে তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। জনগণের আস্থা ধরে রাখতে এবং প্রত্যাশা পূরণে তিনি কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

তিনি বলেন, প্রশাসনের সহযোগিতা থাকুক বা না থাকুক, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। তিনি ক্ষমতায় থাকুন কিংবা না থাকুন, এই কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও জানান।

যুবসমাজকে রক্ষার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, দেশ, সমাজ ও মানুষকে বাঁচাতে হলে মাদক নির্মূলের বিকল্প নেই। এজন্য তিনি নিজেও মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করবেন বলে জানান।

হানজালা আরও বলেন, শিবচরে কেউ মাদক কারবারিদের বিরুদ্ধে তথ্য দিলে বা ধরিয়ে দিলে তিনি নিজ হাতে তাকে পুরস্কৃত করবেন। শিবচরকে মাদকমুক্ত করতে অতীতেও কাজ করেছেন, ভবিষ্যতেও সেই কার্যক্রম অব্যাহত থাকবে।

মাদক সংশ্লিষ্টতায় কোনো প্রভাবশালী ব্যক্তি বা নিজ দলের কেউ জড়িত থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। পরিচয় বা প্রভাব কোনো কিছুই বিবেচনায় নেওয়া হবে না বলেও জানান সংসদ সদস্য।

মাদকমুক্ত সমাজ গঠনে শিবচরের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এনএফ৭১/একে



বিষয়:



Top