দোকানদারের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে স্বর্ণ লুটের চেষ্টা, নারী আটক

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০২:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে ক্রেতা সেজে একটি গয়নার দোকানে ঢুকে কর্মচারীদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে স্বর্ণালঙ্কার লুটের চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর সদরের বিবির হাট এলাকার নিউ টুনটু জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

আটক নারীর নাম সালমা আক্তার। তিনি ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা হলেও বর্তমানে হাটহাজারী উপজেলা সদরে ভাড়া বাসায় থাকেন বলে জানিয়েছে পুলিশ।

দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোরকা পরিহিত ওই নারী ক্রেতা পরিচয়ে দোকানে প্রবেশ করে সোনার হার, চুড়ি ও কানের দুল দেখতে চান। একপর্যায়ে দোকানের কর্মচারীরা শোকেস খুলে গয়না দেখানোর সময় তিনি হঠাৎ বোরকার পকেট থেকে মরিচের গুঁড়া বের করে কর্মচারীদের চোখে-মুখে ছিটিয়ে দেন।

এরপর দেখার জন্য বের করা গয়নাগুলো নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। তবে মরিচের গুঁড়ায় কর্মচারীদের চোখ ঝাপসা হয়ে গেলেও তারা তাকে দোকান থেকে বের হতে দেননি। এ সময় এক কর্মচারী কৌশলে ওই নারীর দুই হাত চেপে ধরেন। পরে স্থানীয় লোকজন এসে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

দোকানের মালিক সুমন ধর জানান, প্রায় সাড়ে তিন ভরি সোনার গয়না ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন ওই নারী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম খান বলেন, আটক নারীর বিরুদ্ধে আগের দিনও উপজেলার আরেকটি জুয়েলারি দোকানে চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ফের চুরির চেষ্টা করতে গিয়ে তিনি হাতেনাতে ধরা পড়েন।

তিনি আরও জানান, আটক নারীকে থানা হাজতে রাখা হয়েছে। মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

এনএফ৭১/একে



বিষয়:



Top