আজ ঢাকা ও রাজশাহীর যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০২:৩০ পিএম
গাছের শাখা-প্রশাখা অপসারণ, জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে আজ বুধবার দেশের কয়েকটি এলাকায় টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানিয়েছে, শুভাঢ্যা জোনাল অফিসের আওতাধীন ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারে উন্নয়নমূলক কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
এ সময় হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ীর আংশিক এলাকা, দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর ও গোলামবাজার মহিলা মাদ্রাসা এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় আগেই মাইকিং করা হয়েছে। হাবিবনগর ফিডারের বর্তমান বিদ্যুৎচাপ স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ায় লোড বিভাজনের মাধ্যমে নতুন ফিডার নির্মাণ করা হবে। এতে ভবিষ্যতে গ্রাহকরা আরও স্থিতিশীল ও মানসম্মত বিদ্যুৎ সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, রাজশাহীতেও কয়েকটি এলাকায় নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি জানিয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের কাছাকাছি গাছের ডালপালা কাটার কাজ করা হবে।
এ কারণে বুধবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া ও শ্যামপুর পানিশোধনাগার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এনএফ৭১/একে
বিষয়:
