মালয়েশিয়ায় মৃত্যু, ১৮ দিন পর গ্রামের বাড়িতে পৌঁছাল গালিবের মরদেহ

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৭:১২ এএম

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাকশিয়া গ্রামের প্রবাসী যুবক হাসান গালিবের মরদেহ ১৮ দিন পর দেশে পৌঁছেছে। মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।

মঙ্গলবার সকাল ৭টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কান্নায় সৃষ্টি হয় হৃদয়বিদারক দৃশ্য।

হাসান গালিব উপজেলার পাকশিয়া গ্রামের খলিল সরদারের মেঝো ছেলে। পরিবার সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে ২০২৩ সালের ১৯ জানুয়ারি মালয়েশিয়ায় যান তিনি। সেখানে জহুরবারু শহরের একটি কারখানায় কর্মরত ছিলেন।

পরিবারের স্বপ্ন পূরণ ও সুন্দর ভবিষ্যতের আশায় প্রবাসজীবন শুরু করলেও সেই স্বপ্ন অপূর্ণই থেকে যায়। গত ২৪ এপ্রিল মালয়েশিয়ায় অবস্থানকালে স্ট্রোক করে মারা যান হাসান গালিব।

মৃত্যুর ১৮ দিন পর সোমবার দিবাগত রাত ১১টার দিকে মালয়েশিয়ার একটি উড়োজাহাজে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পরে মঙ্গলবার ভোরে মরদেহ গ্রামের বাড়ি পাকশিয়ায় নেওয়া হয়।

মরদেহ বাড়িতে পৌঁছানোর পর পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। দীর্ঘদিন পর প্রিয়জনের নিথর দেহ দেখে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বিশেষ করে মা-বাবা ও স্ত্রীর আহাজারিতে ভারি হয়ে ওঠে চারপাশ।

মঙ্গলবার সকাল ১১টায় পাকশিয়া সরদার বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে স্বামীর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন স্ত্রী সামিয়া খন্দকার স্বর্ণা। তার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছে পরিবার।

এনএফ৭১/একে



বিষয়:



Top