সীমান্তে গরু ছিনতাই করতে এসে ধাওয়া খেয়ে পিছু হটল বিএসএফ

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৫:০০ এএম

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে গরু নিয়ে যাওয়ার চেষ্টা কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয় বাংলাদেশি গ্রামবাসীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হয়।

মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তের ৮৭৩ ও ৮৭৪ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে সীমান্তসংলগ্ন এলাকায় বাংলাদেশি মালিকানাধীন কয়েকটি গরু ঘাস খাচ্ছিল। এ সময় বিএসএফের কয়েকজন সদস্য সেখানে গিয়ে ঘাস কাটতে থাকা দুই নারীকে বাধা দেন এবং অশোভন আচরণ করেন।

পরবর্তীতে তারা জোরপূর্বক গরুগুলোর দড়ি কেটে ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই নারীরা চিৎকার শুরু করেন। তাদের ডাক শুনে স্থানীয় গরুর মালিকসহ শতাধিক গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেন।

এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা এবং ভারতীয় নাগরিকরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, দুই পক্ষ সীমান্তের শূন্যরেখায় মুখোমুখি অবস্থানে চলে আসে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বর্ডার গার্ড বাংলাদেশ। তারা স্থানীয়দের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজিবির শক্ত অবস্থানের কারণে শেষ পর্যন্ত বিএসএফ ও ভারতীয় নাগরিকরা নিজেদের এলাকায় ফিরে যেতে বাধ্য হয়।

গরুর মালিক সিরাজুল ইসলাম বলেন, তার গরুগুলো সীমান্ত এলাকায় ঘাস খাচ্ছিল। হঠাৎ বিএসএফ এসে গরু নিয়ে যাওয়ার চেষ্টা করলে নারীরা চিৎকার করেন। এরপর স্থানীয়রা জড়ো হয়ে বাধা দেন।

জোংড়া ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম বলেন, গরু নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলেও বিজিবির দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকা শান্ত থাকলেও মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, খবর পাওয়ার পরই পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে বিজিবির তত্ত্বাবধানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হবে।

এনএফ৭১/একে



বিষয়:



Top