নড়াইলের মধুমতি নদীতে নিখোঁজের ৫০ ঘণ্টা পর কিশোরীর লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৩:৩৫ এএম

ছবি: প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের নতুন পাড়া এলাকায় মধুমতী নদীতে নিখোঁজ হওয়া বুদ্ধি প্রতিবন্ধী ১৪ বছর বয়সী কিশোরী সীমার মরদেহ নিখোঁজের প্রায় ৫০ ঘন্টা পর ইচাখালি থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন কোটাকোল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ শাহ আলম।

উল্লেখ্য, এর আগে নিখোঁজের পর গতকাল ১১ মে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করছে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিদল। উদ্ধার অভিযানে সীমার সন্ধান না পেয়ে তারা উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেন।

সীমা খানম পাশের ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে ঘাঘা গ্রামে তার নানির সঙ্গে থাকত।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, রোববার (১০ মে) বেলা ৩টার দিকে নানির সঙ্গে মধুমতি নদীতে গোসলে গিয়ে নিখোঁজ হয় সীমা। গোসলের সময় নানি সীমার হাত ধরে রাখলেও একপর্যায়ে সে ফসকে গিয়ে নিখোঁজ হয়। সীমা সাঁতার জানত না। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তখন তার সন্ধান পান না। তবে আজ মঙ্গলবার ১২ মে সকাল ১০ টার দিকে সীমার লাশ উদ্ধার হয় ইছাখালীর চর নামক এলাকা থেকে।

সীমার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top