১৪ হাজার কোটি টাকা ব্যয়ে নড়াইলে নির্মাণ হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় থিম পার্ক
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৩:২৯ এএম
নড়াইল জেলায় নির্মাণ হতে যাচ্ছে এশিয়ার অন্যতম বৃহৎ থিম পার্ক। “কেএসএফ অ্যারাবিয়ান ডিজনিল্যান্ড” নামে এই মেগা প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ হাজার ৭৩৬ কোটি টাকা। বাংলাদেশি বংশোদ্ভূত চারজন স্টেকহোল্ডারের নেতৃত্বে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
গত শুক্রবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে থিম পার্কটির প্রি-লঞ্চিং উদ্বোধন করেন মেজর (অব.) আবু রায়হান মোহাম্মদ মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরশিয়া আলম।
সংশ্লিষ্টরা জানান, বিশ্বখ্যাত থিম পার্কগুলোর আধুনিক বিনোদন ধারণা এবং আরবি স্থাপত্যশৈলীর নান্দনিক সমন্বয়ে গড়ে তোলা হবে এই পার্ক। এটি শুধু বিনোদনকেন্দ্র হিসেবেই নয়, বরং পর্যটন, আতিথেয়তা ও পারিবারিক অবসর যাপনের নতুন গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করবে।
প্রকল্পসংশ্লিষ্টদের দাবি, “কেএসএফ অ্যারাবিয়ান ডিজনিল্যান্ড” বাংলাদেশের পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে।
এ বিষয়ে থিম পার্কটির সিইও মেজর (অব.) আবু রায়হান মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলেন, আগামী তিন বছরের মধ্যে প্রকল্পটির কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, এটি এশিয়ার বৃহত্তম থিম পার্কগুলোর একটি এবং বিশ্বমানের বিনোদন প্রকল্প হিসেবে গড়ে তোলা হবে।
এনএফ৭১/একে
বিষয়:
