এবার কোরবানির হাঁট কাঁপাবে ৭০০ কেজির ‘ডোনাল্ড ট্রাম্প’
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৩:০৪ এএম
আসন্ন ঈদুল আজহাকে ঘিরে দেশের বিভিন্ন পশুর হাট ও খামারে দেখা মিলছে বাহারি নামের গরু-মহিষের। প্রতি বছরের মতো এবারও ব্যতিক্রমী নামের পশু ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। এরই মধ্যে নারায়ণগঞ্জের একটি খামারে আলোচনায় এসেছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি মহিষ।
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া কৃষি খামারে থাকা মহিষটির ওজন ৭০০ কেজির বেশি। খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, এটি এলভিনো জাতের মহিষ। গায়ের গোলাপি আভাযুক্ত সাদা রং এবং সামনের দিকে চুলের বিশেষ আকৃতির কারণে মজার ছলে এর নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
খামার সূত্র জানায়, নামটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই মহিষটি দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। অনেকেই এটি কিনতে আগ্রহ দেখালেও একজন ক্রেতা আগেই মহিষটি বুকিং দিয়ে রেখেছেন। ফলে আগ্রহ থাকা সত্ত্বেও অনেক ক্রেতাকে ফিরে যেতে হয়েছে।
খামারের কর্মচারীরা জানান, মহিষটি সাধারণত ঘাস, ভুট্টা ও ভূসি খেতে পছন্দ করে। বিশেষ পরিচর্যার মধ্য দিয়ে এটিকে বড় করা হয়েছে।
বাংলাদেশে ঈদুল আজহা উপলক্ষে বড় ও আকর্ষণীয় গরু-মহিষের ভিন্নধর্মী নাম রাখার প্রচলন দীর্ঘদিনের। প্রতিবছরই বিভিন্ন খামারে ‘রাজা’, ‘সুলতান’, ‘বাহুবলী’সহ নানা আলোচিত ব্যক্তিত্বের নামে পশুর নাম রাখা হয়, যা ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে বাড়তি কৌতূহল সৃষ্টি করে।
এনএফ৭১/একে
বিষয়:
