নোয়াখালীতে পানিতে ডুবে দুই দিনে চার শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ১০:৩৭ পিএম
নোয়াখালীর হাতিয়া ও কবিরহাট উপজেলায় পৃথক ঘটনায় দুই দিনে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। এসব ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার হাতিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চরলইট্টা গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায় নুসরাত বেগম মরিয়ম (৬)। স্থানীয়রা খোঁজাখুঁজির পর বেলা ১১টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। মরিয়ম ওই এলাকার মিরাজের মেয়ে।
এর আগে রোববার ভোরে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায় সাইমুন (৪) নামের আরেক শিশুর মরদেহ। সে ওই এলাকার ফরিদ নামের এক ব্যক্তির ছেলে। পরিবারের ভাষ্য অনুযায়ী, শিশুটি শনিবার বিকেল থেকেই নিখোঁজ ছিল।
অন্যদিকে সোমবার সকালে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে খেলতে গিয়ে মাটি কাটার ফলে তৈরি হওয়া গর্তের পানিতে ডুবে মারা যায় দুই শিশু—নিহা (৩) ও জান্নাত (৫)। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন জানিয়েছেন, ঘটনাগুলো দুর্ঘটনাজনিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং কোনো অভিযোগ পাওয়া যায়নি।
তবে কবিরহাট থানার ওসির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এই ধারাবাহিক শিশু মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোক ও উদ্বেগ দেখা দিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
