ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের ওপর হামলা, তিন সদস্য আহত ও কয়েক ঘণ্টা অবরুদ্ধ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৯:০৭ পিএম

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন র‍্যাব সদস্য আহত হন এবং তাদের প্রায় চার ঘণ্টা একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১১ মে) উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

র‍্যাব-৯ এর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. নূর নবী জানান, বাঞ্ছারামপুর এলাকার দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে তথ্য সংগ্রহ অভিযানে যাওয়ার পথে র‍্যাবের চার সদস্য খাগাতুয়া-মাজিয়ারা সড়ক ব্যবহার করেন। তখন খাগাতুয়া গ্রামে পৌঁছালে কুখ্যাত সন্ত্রাসী চুরা সফিক ও তার সহযোগীরা তাদের গতিরোধ করে।

র‍্যাবের দাবি অনুযায়ী, নিজেদের পরিচয় দেওয়ার পরও তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে হাবিলদার এ কে এম রাশেদ মোশারফ, কনস্টেবল মো. কাজল মিয়া ও কনস্টেবল মো. আব্দুল মালেক আহত হন।

হামলার সময় সার্জেন্ট ফারুক ঘটনাস্থল থেকে বের হতে সক্ষম হলেও বাকি তিনজনকে আটক করে মারধর করা হয় এবং পরে একটি বাড়িতে নিয়ে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

খবর পেয়ে র‍্যাব-৯ এর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলে এবং পরে পুলিশের সহায়তায় অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

কোম্পানি কমান্ডার মো. নূর নবী বলেন, “তথ্য সংগ্রহ অভিযানে গেলে সফিক ডাকাত ও তার দল র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে।”

স্থানীয়দের অভিযোগ, চুরা সফিক দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, ভয়ভীতি, আধিপত্য বিস্তারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top