সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৯:০৪ পিএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। তারা হলো মনিরুল (১৫) ও শুভ (১৫)।
মঙ্গলবার (১২ মে) ভোর ৬টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই কিশোরই গুদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মনিরুলের বাবার নাম মোহাম্মদ জাকির। তাদের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পাল্লা গ্রামে হলেও তারা বর্তমানে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
অন্যদিকে শুভর বাবার নাম মিজান শিকদার। তাদের বাড়ি পটুয়াখালী জেলার মরিচবুনিয়া এলাকায়। তারা সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, সোমবার দুপুরে মাদ্রাসার পরীক্ষা শেষে নাভানা মাঠে ফুটবল খেলার পর পাঁচ বন্ধু মিলে ডিএনডি লেকের নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজ সংলগ্ন স্থানে গোসল করতে নামে। পরে গোসল শেষে তিনজন বাড়ি ফিরে গেলেও মনিরুল ও শুভ নিখোঁজ হয়।
পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে মঙ্গলবার ভোরে স্থানীয়রা লেকে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ দুটি তাদের জিম্মায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
