বেকারত্ব কমাতে বড় কর্মসংস্থান পরিকল্পনা সরকারের: দুলু
জুবাইর আহমেদ খান রোহান | প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৫:০৭ এএম
লালমনিরহাটে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান PRAN-RFL Group আয়োজিত দিনব্যাপী চাকরি মেলায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী Asadul Habib Dulu বলেছেন, আগামী পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার।
তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দেশে বেকারত্ব বর্তমানে একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এ সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে।
সোমবার সকালে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে এ ধরনের কর্মসংস্থানমুখী আয়োজন তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
ত্রাণমন্ত্রী তরুণদের উদ্দেশে বলেন, বেকারত্ব থেকে মুক্তি পেতে হলে কঠোর পরিশ্রম, দক্ষতা অর্জন ও আত্মবিশ্বাস অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য তিনি প্রাণ-আরএফএল গ্রুপ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
মেলা প্রাঙ্গণে সকাল থেকেই চাকরি প্রত্যাশীদের ব্যাপক ভিড় দেখা যায়। আয়োজকরা জানান, দুপুর পর্যন্ত প্রায় তিন হাজার চাকরি প্রার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বিভিন্ন পদে এক হাজার জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রাশেদুল হক, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের রিক্রুটমেন্ট প্রধান নূরুল আলম খান ও নাফিস ইন্দালিব অর্ণব।
মন্ত্রী তাঁর বক্তব্যে তিস্তা মহাপরিকল্পনার বিষয়েও কথা বলেন। তিনি জানান, “জাগো বাহে, তিস্তা বাঁচাই” আন্দোলনের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষ এ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে দেশটিকে প্রকল্পে অর্থায়ন ও কারিগরি সহায়তার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর শিগগিরই চীন সফরের কথা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচিত সরকার অল্প সময়ের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবে।
প্রাণ-আরএফএল গ্রুপ জানিয়েছে, ১৯৮১ সালে যাত্রা শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি দেশে-বিদেশে প্রায় দুই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।
বিষয়:
