বাগেরহাটে বিএনপিতে নারী নেত্রীদের অবমূল্যায়ন ও ‘হাইব্রিড’ নেতাদের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার।
শনিবার (১০ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
এ সময় জেলা বিএনপির সদস্য রুনা গাজী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভাসহ বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শাহিদা আক্তার বলেন, তিনি ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৯১ সালে প্রয়াত স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আ স ম মুস্তাফিজুর রহমানের হাত ধরে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। এরপর দীর্ঘ সময় ধরে তিনি হামলা, হুমকি-ধমকি ও নানা প্রতিকূলতার মধ্যেও বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন।
তিনি আরও জানান, তিনি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ছাত্রী বিষয়ক সম্পাদক থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন বলেও উল্লেখ করেন তিনি।
শাহিদা আক্তারের অভিযোগ, বর্তমানে দলে ‘বসন্তের কোকিল’ ও সুবিধাবাদী কিছু হাইব্রিড নেতার প্রভাব বেড়ে গেছে। এতে ত্যাগী নেতাকর্মীরা অবমূল্যায়নের শিকার হচ্ছেন।
তিনি অভিযোগ করে বলেন, ১ মে বাগেরহাট বাস টার্মিনালে মে দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শ্রমিক দলের এক নেতা তার হাত থেকে মাইক কেড়ে নেন। এ ঘটনার প্রতিবাদ করায় তাকে অপমান ও বাধার মুখে পড়তে হয় বলেও দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, ওই নেতার বিরুদ্ধে অতীতেও নানা বিতর্কিত কর্মকাণ্ড, মাদক ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এছাড়া বাগেরহাটের আরেক নারী নেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে নিয়েও অভিযোগ তোলেন তিনি। তার দাবি, তিনি অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, তবে বর্তমানে বিভিন্ন প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে দলে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার চেষ্টা করছেন।
শাহিদা আক্তার বলেন, নির্বাচনের আগে ও পরে কমিটি গঠনসহ বিভিন্ন ক্ষেত্রে লবিং-গ্রুপিংয়ের মাধ্যমে ত্যাগী নেতাকর্মীদের পাশ কাটানো হচ্ছে, যা দুঃখজনক।
তিনি আরও বলেন, দীর্ঘদিন রাজপথে থেকে দলের জন্য কাজ করা নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হচ্ছে। একই সঙ্গে তার বিরুদ্ধেও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি দলীয় শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে সুবিধাবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দল আরও শক্তিশালী হবে।