গোপালগঞ্জের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মন্ত্রণালয়ে তিন সংসদ সদস্যের উচ্চপর্যায়ের বৈঠক
গোপালগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৫:০১ এএম
গোপালগঞ্জ জেলার উন্নয়ন পরিকল্পনা ও চলমান প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে তিন সংসদ সদস্যের একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জকে দেশের অন্যান্য জেলার মতো সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রমের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করতে সরকার কাজ করছে।
তিনি আরও জানান, গোপালগঞ্জের অসম্পূর্ণ ও চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
বৈঠকটি অনুষ্ঠিত হয় রবিবার (১০ মে) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে। এতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এর নেতৃত্বে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী অংশ নেন।
বৈঠকে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা কামনা করা হয়।
সেলিমুজ্জামান সেলিম জানান, গোপালগঞ্জের অনেক উন্নয়ন কাজ বর্তমানে বন্ধ বা অসম্পূর্ণ অবস্থায় রয়েছে, ফলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও অবকাঠামো খাতের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুল আউয়াল, গোপালগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয়:
