আশুলিয়ায় পোশাক কারখানায় ‘জিন আতঙ্ক’, অসুস্থ ৩৩ শ্রমিক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ১২:৪১ এএম

সংগৃহীত

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে একটি তৈরি পোশাক কারখানায় ‘জিন আতঙ্কে’ ৩৩ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

রোববার (১০ মে) সকাল থেকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত নিউএজ গ্রুপ–এর একটি কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, কয়েক দিন ধরেই সেখানে অস্বাভাবিক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সুইং সেকশনের শ্রমিক সেলিম জানান, তিন দিন আগে এক নারী শ্রমিক বাথরুমে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন। এরপর ধীরে ধীরে আরও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। আজ সকালে আবার কয়েকজন অসুস্থ হলে আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ে এবং একের পর এক শ্রমিক অসুস্থ হতে থাকেন।

আরেক শ্রমিক তুতা মিয়া দাবি করেন, শ্রমিকদের মধ্যে ‘জিনের প্রভাব’ নিয়ে ভয় তৈরি হয়েছিল। এ কারণে সকালে কারখানা কর্তৃপক্ষ মিলাদের আয়োজন করে। তবে মিলাদ শেষ হওয়ার পর আবারও অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

নারী শ্রমিক শাহানাজ বলেন, “সকালে ভালোভাবেই কাজে যোগ দিয়েছিলাম। কিন্তু মিলাদ শেষ হওয়ার পর হঠাৎ শরীরে ঝাঁকুনি অনুভব করি। এরপর আর কিছু মনে নেই। পরে দেখি হাসপাতালে আছি।”

আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের সিনিয়র অপারেশন ম্যানেজার মো. হারুন অর রশিদ জানান, অসুস্থ শ্রমিকরা মাথা ঘোরা, দুর্বল লাগা, চোখে ঝাপসা দেখা এবং আতঙ্কজনিত নানা উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন। চিকিৎসা শেষে ৩৩ জনকেই ছেড়ে দেওয়া হয়েছে।

কারখানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটি মূলত শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়া ভীতি ও মানসিক আতঙ্কের ফল। পরিস্থিতি সামাল দিতে মিলাদের আয়োজন করা হলেও পরবর্তীতে আবারও শ্রমিকরা অসুস্থ বোধ করেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনা অনেক সময় গণআতঙ্ক বা “ম্যাস হিস্টেরিয়া”র কারণেও ঘটতে পারে, যেখানে ভয় ও গুজবের প্রভাবে একাধিক ব্যক্তি একই ধরনের শারীরিক উপসর্গ অনুভব করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top