সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ১২:০৩ এএম

সংগৃহীত

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মো. আব্দুল মালেক গাজীর ছেলে।

রোববার (১০ মে) সকাল ৮টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউসুফ গাজীর নেতৃত্বে একটি দল মধু সংগ্রহের কাজে সুন্দরবনে প্রবেশ করে। সকাল ৮টার দিকে পায়রাটুনি খাল এলাকায় কাজ চলাকালে হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি বাঘ লাফিয়ে এসে বাবলু গাজীর ওপর আক্রমণ করে। এ সময় সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার করে লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে বাঘটি তাকে ফেলে রেখে বনের ভেতরে চলে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে নৌকায় করে দ্রুত লোকালয়ের দিকে আনা হয়। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে তারা শ্যামনগরের নীলডুমুর ঘাটে পৌঁছান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত বাবলু গাজীর বাবা মো. মালেক গাজী জানান, “আমরা সবাই একসঙ্গে মধু সংগ্রহ করছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলের ওপর আক্রমণ করে। অন্যরা দ্রুত এগিয়ে আসায় বাঘটি তাকে ফেলে চলে যায়।”

চিকিৎসকরা জানান, বাবলু গাজীর ঘাড়ের নিচ থেকে পিঠ ও কোমর পর্যন্ত গুরুতর জখম হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান জানান, বন বিভাগের অনুমতি নিয়েই মৌয়ালরা বনে প্রবেশ করেছিলেন। ঘটনার বিষয়ে যাচাই-বাছাই শেষে আহতকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top