ফেনীতে মা দিবসে মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৮:২৩ পিএম
ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের হামলায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী ও মেয়ে। পরে স্থানীয়রা অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
রোববার (১০ মে) সন্ধ্যায় উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মকবুল আহমদ সুপারিন্টেন্ডেন্টের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম লাকি বেগম (৪০)। আহতরা হলেন তার স্বামী মো. মোস্তফা (৪৫) ও মেয়ে মিথিলা (১৮)।
স্থানীয়দের বরাতে জানা যায়, সন্ধ্যায় হঠাৎ ঘরে ঢুকে ছেলে রাফি (২১) পরিবারের সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে ঘটনাস্থলেই লাকি বেগম মারা যান। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে রাফিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এক স্থানীয় বাসিন্দা বলেন, যে সন্তানের জন্য মা সারাজীবন ত্যাগ স্বীকার করেন, সেই সন্তানের হাতে মায়ের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক।
নিহতের ভাতিজা এমরান হোসেন জানান, রাফি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং প্রায়ই মাদকের টাকার জন্য পরিবারের সঙ্গে ঝগড়া করত। ধারণা করা হচ্ছে, আজও একই কারণে এ ঘটনা ঘটেছে।
আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লাকি বেগমকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক জানান, আহত মোস্তফা ও মিথিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুহাম্মদ ফয়জুল আজীম জানান, অভিযুক্ত রাফি একজন বখাটে ও মাদকাসক্ত। ঘটনাটি সে ঠান্ডা মাথায় করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটকের সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
ফেনী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
