কর্ণফুলী নদীতে ডিজেল পাচারচেষ্টা, আটক ৯

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৮:২২ পিএম

সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে চোরাইভাবে ডিজেল পাচারের সময় প্রায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে।

রোববার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানটি পরিচালিত হয় ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন কর্ণফুলী নদীতে।

অভিযানকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কান্ডারী-৬’ জাহাজ থেকে ‘ওটি আজু শাহ’ নামের একটি অয়েল ট্যাঙ্কারে অবৈধভাবে ডিজেল স্থানান্তরের সময় প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৪ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। একই সঙ্গে চোরাকারবারির সঙ্গে জড়িত ৯ জনকে আটক করা হয়।

পরে জব্দ করা ডিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ–এর কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বন্দর কর্তৃপক্ষ। ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top