“হাসি ফুটুক মলিন মুখে, শান্তি আসুক সবার বুকে” এমন মানবিক স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের সীমান্তবর্তী বামনের বাসা গ্রামে ৩০ তরুণের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী “একবেলার আহার” কর্মসূচি।
শনিবার দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে সমাজের গরিব, অসহায় ও অবহেলিত প্রায় এক হাজার মানুষের মাঝে একবেলার খাবার বিতরণ করা হয়। খাবারের মেন্যুতে ছিল খাসির মাংসের বিরিয়ানি ও ডাল।
শুধু খাবার বিতরণেই সীমাবদ্ধ ছিল না আয়োজন। দিনব্যাপী স্থানীয় শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন গ্রামীণ খেলা, ভাওয়াইয়া গান, নৃত্য এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজক তরুণদের সভাপতি বকুল চন্দ্র রায় বলেন, “সমাজে এখনও এমন অনেক মানুষ আছেন যারা মাসেও একবেলা ভালো খাবার খেতে পারেন না। তাদের মুখে হাসি ফোটাতেই আমাদের এই উদ্যোগ।”
সংগঠনের সাধারণ সম্পাদক শেখ সোলাইমান আলী জানান, নিজেদের আয়ের একটি অংশ থেকে অর্থ সংগ্রহ করে তারা এই কর্মসূচির আয়োজন করেছেন।
অনুষ্ঠানের সমন্বয়ক সুজন কুমার রায় রুদ্র বলেন, “আমরা ৩০ জন তরুণ মিলে এই ‘একবেলার আহার’ কর্মসূচি পরিচালনা করেছি। এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। এমন উদ্যোগ মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যবোধ বাড়াতে সহায়তা করবে। ভবিষ্যতেও স্থানীয় জনগোষ্ঠীকে নিয়ে ভিন্নধর্মী আয়োজন করা হবে।”
মানবিক এ উদ্যোগে অংশ নিয়ে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রামে তরুণদের এমন উদ্যোগ এলাকাজুড়ে প্রশংসিত হচ্ছে।