নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে ৩ শিশু সন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৯:০০ পিএম

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তিন শিশু সন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের জাতীয় দগ্ধ ও প্লাস্টিক সার্জারি কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

রবিবার সকাল ৭টার দিকে ফতুল্লার গিরিদারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনে একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন সবজি বিক্রেতা কালাম (৩৫), তার স্ত্রী সায়মা, যিনি একটি মেসে রান্নার কাজ করেন। তাদের ছেলে মুন্না (৭) এবং দুই মেয়ে কথা (৭) ও মুন্নি (১০)।

প্রতিবেশী মো. হাসান জানান, সকাল ৭টার দিকে হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের ভেতর আগুন দেখতে পান। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয়দের ধারণা, বাসার গ্যাস লিকেজ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এদিকে চিকিৎসকেরা জানান, কালামের শরীরের প্রায় ৯৫ ভাগ, তার স্ত্রীর ৬০ ভাগ, মুন্নার ৩০ ভাগ, কথার ৫২ ভাগ এবং মুন্নির ৩৫ ভাগ দগ্ধ হয়েছে। পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top