মাদক কারবারিকে ছাড়াতে থানায় এসে বিএনপি-জামায়াতের ৫ নেতা আটক
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৮:২৭ পিএম
কুষ্টিয়ার মিরপুরে মাদক কারবারিকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির করতে গিয়ে বিএনপি ও জামায়াতের পাঁচজন নেতা আটক হয়েছেন। শনিবার রাত ৯ মে মিরপুর থানায় পুলিশ তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার নওদা আজমপুর গ্রামের নূর মোহাম্মদ মোল্লার ছেলে এনামুল হক (৪৫), আলী আকবরের ছেলে সুজন আলী (৩৩), মৃত মেহের আলী মালিথার ছেলে আলাউদ্দিন (৪৩), রমজান মণ্ডলের ছেলে শফিকুল ইসলাম (২৫) এবং মৃত ইছাহক মালিথার ছেলে সাইদুল ইসলাম (৩৯)। জানা গেছে, এদের মধ্যে চারজন জামায়াতের নেতা এবং একজন বিএনপির সমর্থিত ইউনিয়ন পরিষদ সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে নওদা আজমপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে আট পিস ইয়াবাসহ আটক করে আমলা ক্যাম্প পুলিশ। পরে তাকে মিরপুর থানায় হস্তান্তর করা হয়।
থানায় নেওয়ার পর ওই আসামিকে ছাড়িয়ে নিতে একই এলাকার বিএনপি ও জামায়াতের ওই নেতারা সেখানে উপস্থিত হন। তারা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলামের ওপর চাপ সৃষ্টি করে আসামিকে ছেড়ে দেওয়ার দাবি জানান। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ তাদের পাঁচজনকেই হেফাজতে নেয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, আটক মাদক মামলার আসামিকে ছাড়াতে এসে তারা অযৌক্তিক চাপ সৃষ্টি করেন এবং পুলিশের কাজে বাধা দেন। এ কারণে তাদের পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা জানানো হবে।
তিনি আরও বলেন, একজন মাদক ব্যবসায়ীকে ছাড়াতে রাজনৈতিক পরিচয়ে থানায় চাপ প্রয়োগ অত্যন্ত দুঃখজনক। মাদক নির্মূলে রাজনৈতিক নেতাদের সহযোগিতা প্রয়োজন।
এনএফ৭১/একে
বিষয়:
