ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় প্রাণ হারালেন কিশোরগঞ্জের রিয়াদ
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৭:০৯ এএম
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার যুবক মো. রিয়াদ রশিদ (২৮)। তিনি রুশ সেনাবাহিনীর একজন নিয়মিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রিয়াদ করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা। তিনি জাফরাবাদ উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় রিয়াদের বন্ধু লিমন দত্ত মুঠোফোন বার্তার মাধ্যমে তার মৃত্যুর খবর পরিবারকে জানান। লিমনও রাশিয়ায় একই সেনা ক্যাম্পে কর্মরত ছিলেন। হামলায় গুরুতর আহত হয়ে তিনি একটি পা হারিয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
লিমনের বরাত দিয়ে পরিবার জানায়, গত ২ মে রুশ সীমান্ত এলাকায় ইউক্রেনীয় বাহিনী ড্রোন হামলা চালায়। এতে রিয়াদসহ দুই বাংলাদেশি ও একজন নাইজেরিয়ার নাগরিক নিহত হন। এছাড়া আরও তিনজন আহত হন। শুক্রবার বিষয়টি নিশ্চিত হয় রিয়াদের পরিবার।
পরিবারের দাবি, গত বছরের অক্টোবর মাসে একটি প্রতিষ্ঠানের কাজে রাশিয়ায় যান রিয়াদ। পরে গত ৭ এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। তার ব্যাচ নম্বর ছিল ৭৩৫। তবে তিনি সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি পরিবারকে আগে জানাননি।
ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বাবা আব্দুর রশিদ। তিনি বলেন, ছেলে সেনাবাহিনীতে যোগ দিয়েছে, বিষয়টি তারা জানতেন না। জানলে কখনোই তাকে সেখানে যেতে দিতেন না। এখন ছেলের মরদেহেরও কোনো খোঁজ পাচ্ছেন না বলে জানান তিনি।
জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনি নিহতের পরিবারের খোঁজখবর নিয়েছেন। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতার সুযোগ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবির বলেন, পুলিশ নিহত রিয়াদ রশিদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
