ছয় দিন পর আবার চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৩:৪৯ এএম
ছয় দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট আবার বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে। তবে ইউনিটটি পুরোনো হওয়ায় এটি কতদিন টানা সচল থাকবে, তা নিশ্চিতভাবে বলতে পারেনি কর্তৃপক্ষ।
শনিবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি পুনরায় চালু হয়।
কর্তৃপক্ষ জানায়, বর্তমানে এই ইউনিট থেকে দৈনিক গড়ে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তবে এই উৎপাদন চালু রাখতে প্রতিদিন প্রায় ৭০০ মেট্রিক টন কয়লা প্রয়োজন হচ্ছে।
গত ১ মে রাত সাড়ে ৮টার দিকে ইউনিটটি চালু থাকলেও পরদিন সকালে বয়লারের টিউব ফেটে গিয়ে সেটি বন্ধ হয়ে যায়। এরপর মেরামতের কাজ চলায় টানা ছয় দিন বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল।
২০০৬ সালে ৫২৫ মেগাওয়াট সক্ষমতার তিনটি ইউনিট নিয়ে যাত্রা শুরু করা এই কেন্দ্রটি নির্মাণের পর থেকেই পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারেনি বলে জানা গেছে।
প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, ইউনিটটি শুরু থেকেই সমস্যাগ্রস্ত। এটি চালু হয় আবার বন্ধ হয়ে যায়—এমন পরিস্থিতি চলমান। কখন আবার বন্ধ হয়ে যেতে পারে, তা নিশ্চিত করে বলা যায় না।
তিনি আরও জানান, ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি আগামী মাসের ১৫ তারিখের মধ্যে চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দ্বিতীয় ইউনিট চালুর বিষয়ে চীনা কোম্পানির সঙ্গে আলোচনা চলছে এবং বিষয়টি পর্যালোচনায় একটি চার সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
