চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৩:১৪ এএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এই দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী একই পরিবহন কোম্পানির আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর কক্সবাজারমুখী বাসটি সড়কের পূর্ব পাশে একটি দোকানে ঢুকে পড়ে। এতে দুটি বাসের সামনের অংশ ব্যাপকভাবে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে লোহাগাড়া ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন আটকে পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দীন চৌধুরী জানান, আহত ও নিহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এনএফ৭১/একে



বিষয়:



Top