গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে মিলল টাইপ করা চিরকুট, যা লেখা আছে
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০২:৫৮ এএম
গাজীপুরের শ্রীপুরে স্ত্রী, তিন কন্যাসন্তান ও শ্যালককে হত্যার পর লাশগুলোর ওপর টাইপ করা অভিযোগপত্র রেখে পালিয়ে গেছেন ফোরকান মিয়া নামে এক ব্যক্তি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানায়, নিহত পাঁচজনের মরদেহের ওপর একই ধরনের কম্পিউটারে টাইপ করা পাঁচটি অভিযোগপত্র পাওয়া যায়। সেগুলো গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর লেখা হয়েছে বলে উল্লেখ রয়েছে।
গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ওই অভিযোগপত্রগুলো সত্যিই থানায় জমা দেওয়া হয়েছিল কি না, নাকি শুধুই ঘটনাস্থলে রেখে যাওয়া চিরকুট তা যাচাই করা হচ্ছে।
লাশের ওপর পাওয়া অভিযোগপত্রে দাবি করা হয়েছে, নিহত স্ত্রী শারমিন খানম স্বামীর উপার্জিত প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করে বাবার বাড়িতে জমি কিনেছেন। পাশাপাশি খালাতো ভাই রাজু আহমেদের সঙ্গে তার পরকীয়া সম্পর্ক ছিল বলেও অভিযোগ করা হয়।
আরও উল্লেখ করা হয়, বিষয়টি জানাজানি হলে দাম্পত্য কলহ চরমে পৌঁছায় এবং গত ৫ মে শারমিন খানম ও কথিত প্রেমিক রাজু আহমেদ মিলে ফোরকান মিয়াকে মারধর করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে কাপাসিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়নের রাউৎকোনা গ্রামে ভাড়া বাসায় এই হত্যাকাণ্ড ঘটে। সেখানে প্রবাসী মনির হোসেনের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন ফোরকান মিয়া।
নিহতরা হলেন- ফোরকান মিয়ার স্ত্রী শারমিন খানম (৪০), তাদের তিন মেয়ে মিম (১৬), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল (২২)।
হত্যাকাণ্ডের পর মোবাইল ফোনে স্বীকারোক্তি দিয়ে ফোরকান মিয়া পালিয়ে আছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
এনএফ৭১/একে
বিষয়:
