গাজীপুরে স্ত্রী-সন্তানসহ পাঁচ খুনের ঘটনায় দুইজন আটক

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০১:৫২ এএম

ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালককে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত ফুরকান মিয়ার ঘনিষ্ঠ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

গোয়েন্দা সূত্র জানায়, শনিবার কাপাসিয়ার আমরাইদ এলাকা থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে শুক্রবার দিবাগত রাতে কাপাসিয়া সদর ইউনিয়নের রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ফুরকান মিয়া পলাতক রয়েছেন।

নিহতরা হলেন ফুরকান মিয়ার স্ত্রী শারমিন, তিন মেয়ে মীম, মারিয়া ও ফারিয়া এবং শ্যালক রসুল মিয়া। ফুরকান মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের আতিয়ার রহমান মোল্লার ছেলে। তিনি পেশায় প্রাইভেটকার চালক ছিলেন এবং প্রায় এক বছর আগে ওই বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন শিশুর গলাকাটা মরদেহ ঘরের মেঝেতে পাশাপাশি পড়ে ছিল। রসুল মিয়ার মরদেহ পাওয়া যায় বিছানার ওপর। আর শারমিনের মরদেহ জানালার গ্রিলের সঙ্গে হাত-মুখ বাঁধা অবস্থায় ঝুলন্ত ছিল।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনাস্থল থেকে দেশীয় মদের খালি বোতল এবং কোমল পানীয়ের বোতল উদ্ধার করা হয়েছে।

ঘটনার পর পুলিশ, গোয়েন্দা পুলিশ, অপরাধ তদন্ত বিভাগ এবং পুলিশের বিশেষ তদন্ত সংস্থার সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে। অপরাধ তদন্ত দল আলামত সংগ্রহ করছে।

পুলিশের একটি সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে নিহতদের এক স্বজনকে ফোন করে ফুরকান মিয়া জানান, তিনি পাঁচজনকে হত্যা করে পালিয়ে যাচ্ছেন।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবীসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এনএফ৭১/একে



বিষয়:



Top