এখানে কারও ক্ষমতা চলবে না” জঙ্গল সলিমপুরে পুলিশ সুপারের কড়া বার্তা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ মে ২০২৬, ০৭:৪১ পিএম

ছবি: সংগৃহীত

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এক সময়ের আতঙ্কের জনপদ জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ।

শুক্রবার বিকেলে এলাকাটি পরিদর্শনে গিয়ে সদ্য যোগদান করা চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম স্থানীয়দের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন। তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় তাদের পাশে থাকবে।

পরিদর্শনকালে স্থানীয়দের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি সন্ত্রাসীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আপনারা সহযোগিতা করলে এখানে কারও ক্ষমতা চলবে না, কোনো দাপট দেখানোর সুযোগ থাকবে না।”

তিনি আরও জানান, জঙ্গল সলিমপুরের মানুষ এখন থেকে ভয়ভীতি ছাড়া স্বাভাবিকভাবে চলাফেরা ও বসবাস করতে পারবে। কেউ যদি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পুলিশ সব ধরনের সহায়তা দেবে। পুলিশের লক্ষ্য হলো জঙ্গল সলিমপুরে এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে সবাই নিরাপদে স্বাভাবিক জীবনযাপন করতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক সময় অপরাধের জন্য পরিচিত এই এলাকা এখন তুলনামূলকভাবে শান্ত হয়ে উঠেছে। দীর্ঘদিনের অনিয়ম ও সন্ত্রাস দমনে সম্প্রতি বড় পরিসরের যৌথ অভিযান পরিচালিত হয়, যার পর থেকে প্রশাসনের নিয়ন্ত্রণ আরও দৃঢ় হয়।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে দুটি অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু রয়েছে। একটি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ে, যেখানে শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। অন্যটি আলীনগর উচ্চ বিদ্যালয়ে, যেখানে পুলিশ, র‍্যাব ও অন্যান্য বাহিনীর সদস্যরা যৌথভাবে দায়িত্বে রয়েছেন।



বিষয়:



Top