বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের সাহেবাহার এলাকায় একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ইয়ামিন শেখ (৩০)। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাগেরহাট সদর উপজেলার সাহেবেরহাট পেতনীমারা বিলে দীর্ঘদিন ধরে মাছের ঘের করে জীবিকা নির্বাহ করে আসছেন ইয়ামিন শেখ। তার ঘেরে গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, কৈ, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল।
গত ৭ মে রাত ২টা থেকে সকাল ৮টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা ঘেরে বিষ প্রয়োগ করে বলে অভিযোগ করা হয়েছে। পরদিন সকালে ঘেরে গিয়ে তিনি দেখতে পান বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে উঠেছে। এতে তার প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় সাহেবাহার এলাকার আলামিন মোল্লা ও এনামুল শেখসহ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। এর আগে অভিযুক্তরা বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়েছেন বলেও দাবি করেন ভুক্তভোগী।
ভুক্তভোগী ইয়ামিন শেখ বলেন,
“আমি অনেক কষ্ট করে ঘেরের মাছ চাষ করেছি। রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করে সব শেষ করে দিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
স্থানীয়দের ভাষ্য, মাছের ঘেরে বিষ প্রয়োগের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।