টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নাটোরের যেসব এলাকায়

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ মে ২০২৬, ০৬:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় আজ শনিবার (৯ মে) টানা প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নতুন ৩৩ কেভি লাইন নির্মাণকাজের জন্য এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হবে বলে জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

শুক্রবার (৮ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, বনপাড়া গ্রিড উপকেন্দ্রে উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়বে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময় কিছুটা কম বা বেশি হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখও প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

 
 


বিষয়:



Top