দেশে ফিরলো মালয়েশিয়ায় খুন হওয়া প্রবাসীর মরদেহ, গ্রামে শোকের মাতম
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ০৪:১৫ এএম
মালয়েশিয়ায় হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রবাসী যুবক নজরুল ইসলামের মরদেহ অবশেষে নিজ গ্রামে পৌঁছেছে।
শনিবার (২ মে) ভোরে ১৮ দিন পর তার মরদেহ কালীগঞ্জের গোবরডাঙ্গা গ্রামে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরে সকাল ১০টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ১৪ এপ্রিল রাতে মালয়েশিয়ায় ব্যবসায়িক বিরোধের জেরে নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। পরে দুর্বৃত্তরা তার মরদেহ পুড়িয়ে দেয়। একই ঘটনায় তার স্ত্রী কোহিনুর বেগমকেও হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
২০১৮ সালে উন্নত জীবনের আশায় মালয়েশিয়ায় পাড়ি জমান নজরুল। সেখানে তিনি একটি খামার গড়ে তুলেছিলেন। পরিবারের দাবি, তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে স্থানীয় অংশীদাররা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
শুক্রবার গভীর রাতে একটি বিমানে তার মরদেহ ঢাকায় পৌঁছায়। আইনি প্রক্রিয়া শেষে ভোর ৪টার দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় দাফনের জন্য বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতের মায়ের নামে ৩৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
নিহতের ভাই জহির উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে জানান, ব্যবসায়িক বিরোধের কারণে এর আগেও নজরুলকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সবকিছু গুছিয়ে দ্রুত দেশে ফেরার পরিকল্পনা ছিল তার। কিন্তু শেষ পর্যন্ত তাকে ফিরতে হলো নিথর দেহে। তিনি আরও জানান, নিহতের স্ত্রীর মরদেহ দেশে আনার প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি।
নিহতের ভাগ্নি সাদিয়া ইসলাম মীম বলেন, মামা দেশে ফিরে আসার কথা দিয়েছিলেন। কিন্তু তিনি ফিরলেন লাশ হয়ে, যা মেনে নেওয়া কঠিন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন জানান, ঘটনাটি বিদেশে ঘটায় তাদের কাছে বিস্তারিত তথ্য নেই। তবে নিহতের পরিবার সরকারের কাছে বিচার দাবি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দেখবে বলেও জানান তিনি।
এনএফ৭১/একে
বিষয়:
