“আওয়ামী লীগ সরাতে ৩৬ দিন লাগলেও বিএনপি সরাতে ৩৬ ঘণ্টাও লাগবে না: শিবির নেতা”
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০১ পিএম
রংপুরে এক বিক্ষোভ মিছিলে বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগ ও বিএনপিকে নিয়ে তীব্র মন্তব্য করেছেন রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান। তিনি বলেন, “আওয়ামী লীগকে সরাতে ৩৬ দিন সময় লাগলেও বিএনপিকে সরাতে ৩৬ ঘণ্টাও লাগবে না।”
বুধবার (২২ এপ্রিল) বিকেলে মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের একটি সরকারি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থী ও শিবির নেতাকর্মীদের ওপর হামলা, তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার দাবি এবং সারাদেশে সহিংসতার প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আনিসুর রহমান অভিযোগ করে বলেন, শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার কথা বললেও ছাত্রদল সহিংসতা ও সংঘর্ষে জড়াচ্ছে। তার দাবি, তাদের হাতে শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছে এবং বিভিন্ন স্থানে শিবির কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে।
তিনি আরও বলেন, গত বছরে তেজগাঁও কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে সাকিবুল হাসান রানা নিহত হলেও এখনো বিচার হয়নি। দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বক্তব্যে তিনি রাজনৈতিক সহিংসতা বন্ধ না হলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারিও দেন। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা করেন।
সমাবেশে জেলা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক শিবির নেতারাও বক্তব্য দেন। পরে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিষয়:
