লালমনিরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করেছে ব্র্যাক। বুধবার দিনব্যাপী জেলার পাটগ্রাম উপজেলার বাউরা এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির বাউরা শাখার উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে তিন শতাধিক হতদরিদ্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক আশরাফুল আলম, হাতীবান্ধা আঞ্চলিক কার্যালয়ের দারিদ্র্য বিমোচন কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক পলাশ সাহা, ডিভিশনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন) আব্দুল মোনায়েম খান, এরিয়া ম্যানেজার চঞ্চল কুমার সরকার, ব্যবস্থাপক প্রদীপ রায় এবং ডেপুটি ম্যানেজার মেহেদী হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।
এ সময় জেলা সমন্বয়ক আশরাফুল আলম জানান, নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ব্র্যাক দেশের বিভিন্ন স্থানে মানবিক সেবামূলক উদ্যোগ পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি, পোনা মাছ অবমুক্তকরণ, স্বাস্থ্যসেবা প্রদান এবং হতদরিদ্রদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশন সুবিধা।
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।