চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮৮টি ভারতীয় মোবাইল জব্দ করল বিজিবি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১২:২৪ এএম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৩ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবি জানায়, ভোর রাত ৩টা ১৫ মিনিটের দিকে বিশেষ টহলদল অভিযান চালিয়ে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করে। অভিযানটি মাসুদপুর বিওপির শূন্য লাইন থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রামে পরিচালিত হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, জব্দ করা মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৮ লাখ টাকা। পরে এগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং সরকারের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, বর্তমানে সীমান্ত ও নদীপথে জ্বালানি ও ভোজ্য তেলসহ অন্যান্য চোরাচালান ঠেকাতে টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
