পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নির্দেশ দিয়েছেন, উৎসবকে সামনে রেখে পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে। প্রয়োজনে ট্রাক সেলের মাধ্যমে স্বল্পমূল্যে তেল বিক্রির ব্যবস্থাও নিতে হবে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
জেলা প্রশাসক বলেন, শুধু অভিযান বা শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে বাজারে স্থায়ী শৃঙ্খলা আনা সম্ভব নয়। এর জন্য ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের নৈতিকতা ও দায়িত্ববোধ বাড়াতে হবে।
তিনি আরও বলেন, উৎসব এলেই যাতে পণ্যের দাম বেড়ে না যায়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। সব শ্রেণির মানুষের অংশগ্রহণে উৎসব উদযাপন নিশ্চিত করতে হলে ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় রাখা জরুরি।
ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন হলে ‘ট্রাক সেল’ কার্যক্রম চালুর নির্দেশ দিয়ে ডিসি বলেন, নির্ধারিত স্থান ও সময়ে বাজারমূল্যের চেয়েও কম দামে সরাসরি ট্রাক থেকে তেল বিক্রি করতে হবে, যাতে সাধারণ মানুষ দ্রুত উপকৃত হয়।
বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং জোরদারের কথাও জানান তিনি। কোনো ধরনের কৃত্রিম সংকট বা অবৈধ মজুদের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, ভোক্তা অধিকার সংশ্লিষ্ট প্রতিনিধি এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। তারা বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন।