নড়াইলে পাম্পে ডিজেল আনতে গিয়ে অসুস্থ হয়ে নারীর মৃত্যু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৩ এএম
নড়াইল সদর উপজেলায় পেট্রোল পাম্পে ডিজেল আনতে গিয়ে অসুস্থ হয়ে লাভলী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী।
সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শহরের মাছিমদিয়ায় সরদার ফিলিং স্টেশনে ডিজেল আনতে যান লাভলী বেগম। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রচণ্ড গরমের মধ্যে তিনি ৩ লিটার ডিজেল সংগ্রহ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে ভ্যানে করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লিপিকা রানী বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে শারীরিক অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
