লালমনিরহাট সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১২:৩৪ এএম
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে মো. আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
বুধবার ভোর রাতে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে ৮৭৪ নম্বর পিলারের ৫ নম্বর উপ-পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
সীমান্তরক্ষী বাহিনীর সূত্রে জানা যায়, তিস্তা ব্যাটালিয়নের অধীন ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রাত আনুমানিক ২টা ৫০ মিনিট এবং ভোর ৪টা ৫০ মিনিটে গুলির শব্দ শোনা যায়। পরে সকাল সাড়ে ৬টার দিকে দুই দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ হয়।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দাবি, কয়েকজন বাংলাদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করে তারকাঁটা বেড়া কাটার চেষ্টা করলে তাদের বাধা দিতে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে জানানো হয়। এ সময় গুলিবিদ্ধ হন আলী হোসেন।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভারতের অভ্যন্তরের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আলী হোসেন ধবলগুড়ি ইউনিয়নের পূর্ব পানিয়ারটারী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্ত্রী-সন্তানদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিরস্ত্র বাংলাদেশিদের ওপর গুলি চালানোর প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে সীমান্তে এমন ঘটনা বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান স্থানীয়রা।
এদিকে ঘটনার বিস্তারিত তথ্য যাচাই করছে সীমান্তরক্ষী বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় দেশের ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, নিহতের মরদেহ বর্তমানে ভারতের অভ্যন্তরে রয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার চেষ্টা চলছে।
উল্লেখ্য, নিহত আলী হোসেন ধবলগুড়ি এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
এনএফ৭১/একে
বিষয়:
