কুমিল্লায় তিনটি এসি বাসে আগুন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ০২:০৫ এএম

সংগৃহীত

কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে রোববার (৫ এপ্রিল) দুপুরে পরিত্যক্ত তিনটি এসি বাসে অগ্নিকাণ্ড ঘটে। বাসগুলো সম্পূর্ণ ভস্মীভূত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘রয়েল কোচ’ পরিবহনের এই তিনটি বিকল বাস হঠাৎ আগুনে ভস্মীভূত হয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসগুলোর সিটসহ অভ্যন্তরীণ সব সরঞ্জাম পুড়ে যায়, কেবল লোহার কাঠামো রয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিত্যক্ত বাসগুলোতে নিয়মিত মাদকের আসর বসত, যেখানে বিভিন্ন পরিবহনের চালক ও হেলপাররা অংশ নিতেন। আগুন লাগার আগেই পাঁচজনকে বাস থেকে মাদক সেবন করে বের হতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, মাদক সেবনের সময় ব্যবহৃত গ্যাস লাইটার থেকে বিস্ফোরণ ঘটতে পারে।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, "আগুন লাগার সঠিক কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে। মাদক সেবনসহ সম্ভাব্য সব দিক বিবেচনা করে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।"

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top