নড়াইলে নিখোঁজের দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৫:৪৮ এএম
নড়াইল-এর লোহাগড়ায় মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তাসমিয়া (৯) নামে এক শিশুর মরদেহ দুইদিন পর উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর এলাকায় মধুমতি নদী-র তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই এনায়েত।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) তাসমিয়া তার চাচির সঙ্গে নদীর চরে ঘুরতে গিয়ে গোসল করতে নামে এবং সেখানেই নিখোঁজ হয়। পরে স্বজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালালেও নিখোঁজের সঠিক তথ্য না পাওয়ায় ডুবুরি দল আনা সম্ভব হয়নি বলে জানানো হয়।
পরে শনিবার সকালে নদীর তীর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
