গাইবান্ধায় পৌঁছালো ট্রেনে কাটা পড়া ৫ জনের মরদেহ, চলছে কবর খনন
গাইবান্ধা প্রতিনিধি | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১১:২৯ পিএম
টাঙ্গাইলের কালিহাতী এলাকায় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজনের মৃত্যু ঘটেছে। তাদের মরদেহ শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে পৌঁছেছে।
অ্যাম্বুলেন্সে করে মরদেহ গ্রামের বাড়িতে আনার সঙ্গে সঙ্গে কবর খননের কাজ শুরু হয়েছে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী দুপুরের পর বাদ যোহর জানাজা সম্পন্ন করে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় মর্মাহত পরিবেশ সৃষ্টি হয়।
দুর্ঘটনায় নিহতরা হলেন, সুলতান মাহমুদ (২৮), নিজপাড়া (আমবাগান) গ্রামের আজিজার রহমানের ছেলে। তার চাচাতো বোন রিফা রেসা (২৪), আব্দুর রশিদের মেয়ে- তিনিও গার্মেন্টস কর্মী ছিলেন। নার্গিস আক্তার (৪২), তার শিশু ছেলে নিরব (১২) এবং নিরবের বড় ভাইয়ের শাশুড়ি, প্রতিবেশী দোলা বেগম (৪৫)। নার্গিস আক্তার ওই গ্রামের হামিদুজ্জামান (হাম্বু)-এর স্ত্রী। তারা একই পরিবারের সদস্য এবং পেশায় গার্মেন্টস শ্রমিক ছিলেন।
নিহত দোলা বেগম ঈদের ছুটিতে বাড়িতে এসে তার একমাত্র মেয়ে জুই আক্তারকে ঈদের দুইদিন পর বিয়ে দেন নিজপাড়া গ্রামের নাইম মিয়ার সাথে।
মরদেহ পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. শাহাদত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা রাতেই টাঙ্গাইলে ছুটে যান এবং সকালে মরদেহ নিয়ে বাড়িতে ফেরেন। জানাজা ও দাফনের বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী দুপুরের মধ্যেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
এনএফ৭১/একে
বিষয়:
